
টাঙ্গাইলের সখিপুরে অটোরিকশাচালক আবু হানিফ মিয়া হত্যার ঘটনায় প্রধান আসামি মান্নানকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী লাভলী আক্তার। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সখিপুর প্রেসক্লাবে তিন সন্তানকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে লাভলী আক্তার অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে তিন ব্যক্তি অটোরিকশা ভাড়া করে নলুয়া যাওয়ার পথে সখিপুর-নলুয়া সড়কের আড়ালিয়াপাড়া এলাকায় তাঁর স্বামীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ২২ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
লাভলী আক্তারের দাবি, ঘটনার আগে এক সাংবাদিককে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তাঁর স্বামী হামলার বিবরণ ও সন্দেহভাজনদের পরিচয় উল্লেখ করেছিলেন। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তিনি জানান, পরে আদালতের নির্দেশে হত্যা মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চারবার পরিবর্তন হলেও এখনো প্রধান আসামি মান্নান গ্রেপ্তার হননি বলে অভিযোগ তাঁর।
সংবাদ সম্মেলনে লাভলী আরও অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর তিন সন্তানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং সন্তানদের চলাচলের পথে হয়রানি করা হচ্ছে।
স্বামী হত্যার সুষ্ঠু তদন্ত, প্রধান আসামির দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।