সখিপুরে স্বল্প আয়ের তরুণদের উদ্যোক্তা করতে উঠান বৈঠক
- আপডেট সময় : ১২:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

স্বল্প আয়ের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের সখিপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাসা ফাউন্ডেশনের কমিউনিটি আউটরিচ কার্যক্রমের অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সখিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর ময়থাচালা এলাকায় তরুণ উদ্যোক্তা সানজিদা আক্তার জুঁইয়ের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বল্প আয়ের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং শিক্ষানবিশ কার্যক্রমের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় স্থানীয় তরুণ উদ্যোক্তারা তাঁদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তার বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সামিনা ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সখিপুরের সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, সখিপুর প্রেসক্লাবের সদস্য সচিব আনোয়ার কবির, বাসা ফাউন্ডেশনের সিনিয়র ডিজিএম (কার্যক্রম) এসজেএম জাহিরুল ইসলাম, কো-অর্ডিনেটর মোহাম্মদ হেলাল উদ্দিন, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট অফিসার মো. সোহরাব হোসেন এবং সখিপুর শাখার ব্যবস্থাপক মো. শাহিন আলম।
বৈঠকে বাসা ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় তরুণ উদ্যোক্তারাও অংশ নেন। উদ্যোক্তা তৈরির পাশাপাশি তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের কমিউনিটি পর্যায়ের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা জানান।









