কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৫
- আপডেট সময় : ০৫:৩৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক শাহিন, আরেকজন যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদীর পিরিজকান্দি। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর নীলকুঠি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় অটোরিকশাও যাচ্ছিল ভৈরবের দিকে। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশা ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশা দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে সামনের ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক দুজন পলাতক। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










